উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতাসহ ২১ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম ও উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরসহ ২১ আসামিকে গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। ইকবাল হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ২৯ আসামির ২১ জন গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমান সিদ্দিকী আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২১ অক্টোবর সন্ধ্যায় ইকবাল আজাদ খুন হন। এ ঘটনায় ইকবালের ছোট ভাই প্রকৌশলী জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমসহ ২২ জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা করেন। দুই মাস পর গত ১৭ ডিসেম্বর পুলিশ আরও সাতজনের নাম অন্তর্ভুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। বাদীপক্ষের কৌঁসুলি জসীম উদ্দিন খান বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তা ছাড়া তাদের বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। তাই আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার বলেন, ‘আদালত থেকে আমরা ন্যায়বিচার পাব বলে আশা করি। প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব।’