উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গতকাল বুধবার সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের সেখের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটেছে। জানা যায়, ৫ জানুয়ারি জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা সরফ উদ্দিন মো. আবু ইউসুফ ও পরিদর্শক মোয়াজ্জেম হোসেন দাপ্তরিক কাজে পানছড়ি আসেন। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা বলার পর তাঁরা তীর্থস্থান ও পর্যটন এলাকা অরণ্য কুটিরে যেতে চাইলে উপজেলা চেয়ারম্যান ইউএনওর কাছে গাড়ি চান। কিন্তু ইউএনও গাড়ি দিতে গড়িমসি করেন। ক্ষুব্ধ হয়ে দুইজন কর্মকর্তাকে নিয়ে উপজেলা চেয়ারম্যান সিএনজিযোগে অরণ্য কুটিরে চলে যান। গতকাল সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তাত্ক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনিল কান্তি দে, এসআই শাহ আলমসহ আরও কয়েকজন উভয়কে শান্ত করেন। ঘটনা জানাজানি হওয়ার পর চেয়ারম্যানের কয়েক শ অনুসারী উপজেলা ক্যাম্পাসে এসে ইউএনওর বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল শুরু করে। ইউএনও আবদুল কাদের সেখ বলেন, ‘তিনি প্রথম আমার দিকে তেড়ে এসে ধাক্কা দেন।’ উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, ‘পরিস্থিতি ইউএনও নিজেই উত্তপ্ত করেছেন। ধাক্কাধাক্কি করে তিনি পুলিশ ডেকে আমাকে গ্রেফতারের নির্দেশ দেন।’