পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠান বর্জন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র। জাতীয় সংসদের চিফ হুইপ সরকারি নিয়ম উপেক্ষা করার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করেন তাঁরা।
গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় ওই অনুষ্ঠান হয়। স্থানীয় সরকারি পাবলিক মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই অনুষ্ঠানে এসে আ স ম ফিরোজ জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলের সালাম গ্রহণ করেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পতাকা উত্তোলন করবেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সেখানে উপস্থিত ছিলেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সরকারি নিয়মানুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পতাকা উত্তোলন করবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান অভিযোগ করেন, গত মঙ্গলবার তিনি জানতে পারেন সরকারি নিয়ম অনুযায়ী তিনি অনুষ্ঠানে পতাকা উত্তোলন করতে পারবেন না। গত বছরও তাঁকে পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি। আ স ম ফিরোজ নিয়মিত নিয়ম লঙ্ঘন করায় তিনি অনুষ্ঠান বর্জন করেন বলে জানান।
এ বিষয়ে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক বলেন, একজন আইনপ্রণেতা হয়ে তিনি আইন অমান্য করতে পারেন না। এর প্রতিবাদস্বরূপ তিনি অনুষ্ঠান বর্জন করেছেন।
উপজেলা চেয়ারম্যান ও মেয়রের সঙ্গে একাত্মতা জানিয়ে উপজেলা পরিষদের সংরক্ষিত পাঁচ নারী সদস্যসহ কয়েকজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও অনুষ্ঠান বর্জন করেন।