উপজেলা চেয়ারম্যান ও স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ এবং তাঁর স্বামী আজাদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সরকারি নীতিমালা লঙ্ঘন এবং ইউপি চেয়ারম্যানদের ব্যক্তিগত চরিত্র হনন করে অশালীন বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বেগম রোকেয়া আজাদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।জানা যায়, উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যানসহ ইউপি চেয়ারম্যানেরা লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। একই অভিযোগে তাঁরা গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভাও বর্জন করেছেন। এদিকে অভিযোগের বিষয়ে লিখিত জবাব দেওয়ার জন্য জেলা প্রশাসকের দপ্তর থেকে রোকেয়া আজাদ ও তাঁর স্বামীকে চিঠি দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান ওই চিঠির জবাবে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, অকার্যকর এবং প্রকৃত সত্যের বিপরীত’ বলে দাবি করেছেন।জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত অভিযোগে ভাইস চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেছেন, উপজেলা চেয়ারম্যান রোকেয়া আজাদ ও তাঁর স্বামী পরিপত্র লঙ্ঘন করে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির বিভিন্ন প্রকল্প এবং প্রকল্পের বরাদ্দ পরিবর্তন করেছেন। তাঁরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করে প্রকল্প কমিটির মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার জন্যও অবৈধভাবে তাঁদের (ইউপি চেয়ারম্যানদের) ওপর চাপ সৃষ্টি করছেন। ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক সভার সিদ্ধান্ত পাশ কাটিয়ে তাঁরা এসব করছেন। এতে করে এডিপি ও কাবিখা প্রকল্পগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে। চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন, বড়খেরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস ও চর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, অনিয়মের প্রতিবাদ করায় উপজেলা চেয়ারম্যানের স্বামী আজাদ উদ্দিন চৌধুরী তাঁদেরকে মুঠোফোনে গালিগালাজ, মারধর ও হত্যার হুমকি দেন। এ ঘটনায় চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন রামগতি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে মীমাংসা করার আশ্বাস দেওয়া হলে ওই সাধারণ ডায়েরি প্রত্যাহার করা হয়। তবে শেষ পর্যন্ত ঘটনার কোনো নিষ্পত্তি হয়নি। ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের প্রস্তাবে না থাকলেও উপজেলা চেয়ারম্যান চর পোড়াগাছা ইউনিয়নে বেগম রোকেয়া আজাদ সড়ক পুনর্নির্মাণ প্রকল্পের বিপরীতে নয় মেট্রিক টন চাল বরাদ্দ রেখেছেন। তিনি বলেন, তাঁর ইউনিয়নে ‘বেগম রোকেয়া আজাদ সড়ক’ নামে কোনো সড়কের অস্তিত্বই নেই।এদিকে অভিযোগ প্রসঙ্গে রোকেয়া আজাদ বলেন, অভিযোগকারী ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। তাঁদের সঙ্গে বিরোধ রাজনৈতিক। নিজেকে তিনি আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান দাবি করেন। সমন্বয় সভা বর্জনের ব্যাপারে তিনি বলেন, ‘তেমন কিছু হয়নি। দাবিদাওয়া নিয়ে ইউপি চেয়ারম্যানরা বিভিন্ন কথা বলেছেন। রোববার (২৯ এপ্রিল) পর্যন্ত সভা মুলতবি রাখা হয়েছে। ওই দিন সব ঠিক হয়ে যাবে।’