উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে ভোটের মাঠে

আওয়ামী লীগ নেতাদের সমর্থন নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন মাহমুদ হাসান। সেই নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। তখন থেকেই তাঁর স্বপ্ন ছিল সংসদ নির্বাচন করার। সেই লক্ষ্য পূরণের জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে তিনি নির্বাচন করতে যাচ্ছেন।
তবে মাহমুদ হাসান আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। গত বুধবার তিনি তাঁর কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ ব্যাপারে জানতে চাইলে মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য পদে নির্বাচন করতে তিনি ২৬ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মাহমুদ হাসান আরও বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ১৮৫। নিয়ম অনুযায়ী ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক কাগজপত্র তিনি মনোনয়নপত্রের সঙ্গে জমা দিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় পাঁচ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকায় যে কাজ করেছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেসবের মূল্যায়ন করবেন ভোটাররা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও মাহমুদ হাসানের কয়েকজন সমর্থকের সঙ্গে কথা বলে জানা যায়, মাহমুদ হাসান নির্বাচন করার প্রস্তুতি নিয়ে রেখেছেন। দুই বছর ধরে তিনি উপজেলার ১১টি ইউনিয়নে গণসংযোগ ও সভা-সমাবেশ করেছেন। প্রতিটি ইউনিয়ন থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলেই উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়ে তিনি সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এ আসনে প্রার্থী হতে চেয়ে ছয় মাসের বেশি সময় ধরে হাজারো সমর্থকদের নিয়ে লাগাতার আন্দোলন করছেন আওয়ামী লীগের দুবারের (১৯৯৬ ও ২০০৮) সাবেক সাংসদ মো. আবদুছ ছাত্তার। ওই আন্দোলনে বর্তমান সাংসদ ফখরুল ইমামকে গৌরীপুর উপজেলার বাসিন্দা আখ্যা দিয়ে তাঁকে প্রতিরোধের ডাক দেওয়া হয়েছিল। তারপরও তিনি (ছাত্তার) দলের মনোনয়ন বাগাতে পারেননি। আর মাহমুদ হাসান সাবেক সাংসদ আবদুছ ছাত্তারের ভাতিজা।
প্রসঙ্গত, ২০১৪ সালের নির্বাচন থেকেই ময়মনসিংহ–৮ আসনটি মূলত জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে দর–কষাকষির আসনে পরিণত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে মহাজোট থেকে ফখরুল ইমামকে মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে ছাত্তারের মনোনয়ন না পাওয়া ও তাঁর ভাতিজা মাহমুদ হাসানের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় নির্বাচনী দ্বৈরথ জমে উঠবে বলে ধারণা ভোটারদের।