উপজেলা চেয়ারম্যান পদ হারালেন আ.লীগ নেতা
রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হারালেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সরকার। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি গতকাল বুধবার ইউএনও হাতে পৌঁছেছে।
ইউএনও মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘গত সোমবার পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত চিঠিটি গতকাল হাতে পেয়েছি। চিঠিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে।’
২০০৯ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন জাকির হোসেন সরকার। ২০১৪ সালে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদে জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হন। রংপুর বিভাগীয় কার্যালয়ে শপথ নিয়ে ফেরার পথে নাশকতার মামলায় চেয়ারম্যান গোলাম রব্বানী ও ভাইস চেয়ারম্যান আবদুল বাসেতনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করা হয় মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগমকে। এদিকে দায়িত্ব হস্তান্তর না হওয়ায় জাকির হোসেনই এতদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। অবশেষে তিনি চেয়ারম্যানের পদ হারালেন।