উপজেলা চেয়ারম্যানকে অপসারণে সাংসদকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালকে অপসারণের জন্য উপজেলা সমন্বয় কমিটির উপদেষ্টা ও স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনকে চিঠি দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে বিশেষ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার। সভায় সর্বসমঞ্চতিক্রমে আবদুল আউয়ালকে অপসারণের প্রস্তাব গৃহীত হয়। এ সময় তাঁরা এ-সংক্রান্ত চিঠিতে সই করেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা জানান, আবদুল আউয়ালের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তাঁরা পর পর দুটি সমন্বয় কমিটির সভা বর্জন করেছেন। ফলে উপজেলা পরিষদের সব উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে বা কারা এবং কেন আমাকে অপসারণের প্রস্তাব দিয়েছে সে সম্পর্কে আমি কিছুই জানি না।’ এ নিয়ে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।