দেড় বছর পর চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফসহ ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দায়ের করা হয়েছে। জানা যায়, ২০১১ সালের ২৫ ডিসেম্বর সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান পালন শেষে বাড়ি ফেরার পথে রাত প্রায় দুইটার দিকে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নুরুল আবছার। পরের দিন নুরুল আবছারের বাবা আহমদ হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে তিনি মামলায় নাম উল্লেখ করে কাউকে আসামি করেননি।পরবর্তী সময়ে সাতকানিয়া থানা-পুলিশ সন্দেহজনকভাবে মাহমুদুল হক নামের এক ডাকাতকে আটক করলে তিনি আবছার হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের নামও প্রকাশ করেন। পরে আদালতেও তিনি একই ধরনের স্বীকারোক্তি দেন। মাহমুদুল হকের স্বীকারোক্তি মোতাবেক সাতকানিয়া থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দিল মোহাম্মদ, মো. ইলিয়াছ, জসিম উদ্দিন, আবদুল জলিল, আবদুল আজিজ, তৌহিদুল ইসলাম ও মাহমুদুল হক মাদুকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া আট আসামির আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সরকারদলীয় সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফের নাম উঠে আসে। তাঁদের জবানবন্দিমতে, নুরুল আবছারকে হত্যা করার জন্য উপজেলা চেয়ারম্যান তাঁর ব্যবসায়িক অংশীদার ওসমান গনির মাধ্যমে খুনি ভাড়া করেন এবং খুনিদের নুরুল আবছারকে হত্যা করার জন্য অগ্রিম টাকা দেন।জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম বলেন, ‘এটি একটি আলোচিত হত্যাকাণ্ড। এ মামলায় বাদী আহমদ হোসেন তাঁর ছেলের হত্যার ব্যাপারে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন এবং হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্র ও অন্যান্য আলামত, মামলার অবস্থান, পারিপার্শ্বিক অবস্থার গুরুত্ব এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রুর তদন্ত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ ও আলামত পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিলের মতামত দিয়েছি।’এ ব্যাপারে মামলার বাদী নিহত আবছারের বাবা আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মামলার অভিযোগপত্র চূড়ান্ত হয়েছে শুনেছি। আশা করছি, আদালত সঠিক সিদ্ধান্ত নেবেন।’