উপজেলা চেয়ারম্যানকে ক্ষমা চাইতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধামাইল সংস্কৃতিকর্মীদের লাঞ্ছনাকারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালকে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা ও লাঞ্ছনার বিচার দাবি করেছেন সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা। গতকাল সোমবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে সংস্কৃতিবিমুখ উপজেলা চেয়রম্যানকে সামাজিকভাবে বর্জনেরও আহ্বান জানানো হয়। গত শুক্রবার রাতে ‘হাওরপারের ধামাইল’ নামের একটি লোক সাংস্কৃতিক সংগঠন ধামাইল উৎসব করার প্রস্তুতি নিতে সিলেট নগরের পাঠানটুলায় বসবাসকারী সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়ালের বাসায় যান। ধামাইল উৎসবে তাঁকে প্রধান অতিথি না করায় ক্ষুব্ধ হয়ে উপজেলা চেয়ারম্যান সংস্কৃতিকর্মীদের বাসা থেকে বের করে দেন। উপজেলা চেয়ারম্যানের ছেলে ও গাড়িচালক হামলা চালান তাঁদের ওপর।গতকাল বিকেল চারটায় শহীদ মিনারের সামনে জড়ো হন সংস্কৃতিকর্মীরা। ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড বহন করে মানববন্ধনে একাত্ম হন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হাওরপারের ধামাইল সংগঠনের সভাপতি সজল কান্তি সরকার। ওই দিনের ঘটনার বর্ণনা দেন হাওরপারের ধামাইল সংগঠনের সাধারণ সম্পাদক বিমান তালুকদার। ধামাইল সংস্কৃতিকর্মীদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল-আজাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাউলশিল্পী বশিরউদ্দিন সরকার প্রমুখ।বক্তারা বলেন, ‘একজন জনপ্রতিনিধি নিজে যখন গ্রামীণ লোকসংস্কৃতির জন্য হুমকিস্বরূপ, তখন তাঁর হাতে ওই এলাকার সাধারণ মানুষও নিরাপদ নয়। এ ঘটনার জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’