উপজেলা চেয়ারম্যানকে প্রধান অতিথি না করায়...
‘হাওরপারের ধামাইল’ নামের একটি সাংস্কৃতিক সংগঠন প্রথমবারের মতো হাওরাঞ্চলে ধামাইল উৎসবের আয়োজন করে। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগরে আয়োজন করা ধামাইল উৎসবের স্মারক প্রকাশনার জন্য একটি শুভেচ্ছা বাণী সংগ্রহ করতে স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালের বাসায় যান সংস্কৃতিকর্মীরা। উপজেলা চেয়ারম্যান তাঁর এলাকার অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি না করায় ক্ষুব্ধ হয়ে সংস্কৃতিকর্মীদের অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রতিবাদ করায় সংস্কৃতিকর্মীদের একজনকে বেধড়ক পিটিয়ে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়। গত শুক্রবার রাতে সিলেট নগরের পাঠানটুলায় উপজেলা চেয়ারম্যানের নিজ বাসায় এ ঘটনা ঘটে। সংস্কৃতিকর্মীরা জানান, রাত সাড়ে ১০টার সময় উপজেলা চেয়ারম্যানের বাসায় গেলে উৎসবের শুভেচ্ছা বাণী দিতে প্রথমে তিনি আগ্রহী ছিলেন। উপজেলা চেয়ারম্যান তাঁদের বলেন, ‘বাণী নেও, টেখাও নেও, আমারে কিন্তু প্রধান অতিথি রাখবায়...!’ সংস্কৃতিকর্মীরা তখন উৎসবে কেবল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অতিথি রাখার বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ‘ধামাইল’কে তিনি হিন্দুদের সংস্কৃতি বলে তাঁর এলাকায় এ ধরনের উৎসব করতে নিষেধ করেন। তাঁকে প্রধান অতিথি না করার কারণে নিষেধাজ্ঞা কি না—জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান সংস্কৃতিকর্মীদের ‘বেয়াদব’ বলে বাসা থেকে বের হওয়ার নির্দেশ দেন। এ সময় বাসায় থাকা চেয়ারম্যানের ছেলে আলভীসহ গাড়িচালক সংস্কৃতিকর্মীদের ওপর হামলা চালান। পল্লব বিশ্বাস (২৮) নামের একজন সংস্কৃতিকর্মীকে বেধড়ক পেটানো হয়। পল্লবকে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী ‘হাওরপারের ধামাইল’-এর সাধারণ সম্পাদক বিমান তালুকদার জানান, ‘আগামী ৫ ডিসেম্বর মধ্যনগরে ধামাইল উৎসবের দিনক্ষণ চূড়ান্ত করে এতে ধামাইল সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত গবেষকসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছিল। স্থানীয় উপজেলা চেয়ারম্যানের কাছে আমরা শুধু সামাজিকভাবে সহায়তা চেয়েছিলাম এবং একটি শুভেচ্ছা বাণী দিতে বলেছিলাম। তিনি শুভেচ্ছা বাণী দিতে গিয়ে টাকার প্রসঙ্গ আনেন এবং একপর্যায়ে তাঁকে প্রধান অতিথি করার কথা জানান। আমরা তাঁকে উৎসবের আয়োজকদের সঙ্গে থাকার অনুরোধ করতেই তিনি খেপে যান।’ বিমান জানান, পল্লবকে মারধর করলে উপজেলা চেয়ারম্যান তাঁদের ধরিয়ে দিতে বাসায় পুলিশ ডেকে আনেন। পুলিশ অবশ্য পরিস্থিতি জেনে চলে যায়। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যোগাযোগ করা হলে উপজেলা চেয়ারম্যান শুক্রবার রাতে ধামাইল সংস্কৃতিকর্মীদের তাঁর বাসায় যাওয়ার কথা স্বীকার করেন। সংস্কৃতিকর্মীকে মারধর ও ধামাইলকে হিন্দু সংস্কৃতি বলে অভিহিত করার কথা অস্বীকার করে তিনি প্রথম আলোকে বলেন, ‘ওরা আমার এলাকায় ধামাইল করতে চায় বাইরে থেকে অতিথি নিয়ে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে। আমি তাঁদের বলেছি, এ ধরনের অনুষ্ঠানে লোকাল অতিথি রাখলে ভালো। তাঁরা আমার কথা না মেনে উল্টো নানা রকম অসংলগ্ন কথাবার্তা বলেছে। আমার বাসায় এসে আমার মুখের ওপর কথা বলছে দেখে একপর্যায়ে তাঁরা বাইরের লোকজনের প্রতিরোধের মুখে পড়ে। শেষে আমি পুলিশ ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’ সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কাল: উপজেলা চেয়ারম্যানের বাসায় ধামাইল সংস্কৃতিকর্মীরা হামলার শিকার হওয়ার ঘটনার প্রতিবাদে সিলেটের সংস্কৃতিকর্মীরা কাল সোমবার মানববন্ধন করবেন। বেলা তিনটায় সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করা হবে।