উপজেলা চেয়ারম্যানদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনিক সমন্বয়হীনতার অভিযোগে রাঙামাটি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বর্জন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানেরা। চেয়ারম্যানদের অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনকে পাশ কাটিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আলাদা নীতিমালা বা নির্দেশনা তৈরি করায় জেলায় প্রশাসনিক সমন্বয়হীনতা চরমে পৌঁছেছে।গতকাল বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়। এতে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসু চাইন মারমা অন্য উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে একমত না হয়ে উন্নয়ন কমিটির সভায় যোগ দেন। চেয়ারম্যানদের উন্নয়ন কমিটির সভা বর্জনের কোনো সিদ্ধান্ত তাঁর জানা নেই বলে দাবি করেন অংসু চাইন মারমা।দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যানরা অভিযোগ করেন, রাঙামাটি সদর উপজেলায় পাঁচজন শিক্ষক বদলি নিয়ে গত ২৫ জুলাই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যানরা আপত্তি তোলেন। ওই সময় জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা শিগগির উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে বসে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু সমস্যা সমাধানের পরিবর্তে এর মধ্যে জেলার নয় উপজেলায় আরও ৩৭ জন শিক্ষককে বদলি করা হয়েছে। এটা উপজেলা পরিষদ চেয়ারম্যানদের হেয়প্রতিপন্ন করার শামিল।উপজেলা পরিষদের চেয়ারম্যানরা দাবি করেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শিক্ষকদের নিয়োগ ও বদলি, উপজেলা পরিষদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। কিন্তু রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সে প্রজ্ঞাপনকে পাশ কাটিয়ে নিজেদের ইচ্ছামাফিক নীতিমালা জারি করে কাজ করছে।তবে জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা দাবি করেন, শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার মধ্যে পার্বত্য তিন জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) নীতিমালা জেলা পরিষদ কর্তৃক নির্ধারিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সব সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারীর বদলির এখতিয়ার জেলা পরিষদকে দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যানরা বলেন, অন্যান্য জেলায় ১০টি মন্ত্রণালয়ের ১৩টি বিভাগ উপজেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু তিন পার্বত্য জেলার উপজেলা চেয়ারম্যানরা কোনো বিভাগে সামান্য ক্ষমতাও প্রয়োগ করতে পারেন না। কারণ ওই সব বিভাগ পার্বত্য জেলা পরিষদের অধীন। তাঁরা উপজেলা পর্যায়ের সব প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে উপজেলা চেয়ারম্যানদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুছা চৌধুরী, কাউখালীর চেয়ারম্যান অংচা প্রু মারমা, নানিয়ারচরের চেয়ারম্যান প্রীতি কুসুম চাকমা ও বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়সেন তঞ্চঙ্গ্যা।