উপজেলা চেয়ারম্যানসহ চারজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি মামলায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান শাহিন আলমসহ চারজনকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। মামলার আসামি ওই চারজন দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।
কারাগারে পাঠানো চার আসামি হলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান শাহিন আলম (৪৫), পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুমেল (৩৫), যুবদল নেতা মোশাররফ হোসেন (৪০) ও মোর্শেদ আলম সরকার (৪২)।
মামলার বাদী পঞ্চগড় বিউবোর আবাসিক প্রকৌশলী আহসানুল কবির বলেন, পঞ্চগড় শহরের দেশ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করে আসছিল। গত ২৮ মে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিদ্যুৎ চুরির ওই ঘটনা ধরা পড়ে। এ ঘটনায় বিদ্যুৎ চুরির অভিযোগে তাৎক্ষণিকভাবে ওই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের কাছ থেকে ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে বিউবোর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই সেন্টার ও ক্লিনিকের মালিকানায় থাকা উল্লিখিত চারজনকে আসামি করে নিয়মিত মামলা করা হয়। গতকাল নিয়মিত মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. কামরুজ্জামান তাঁদের জামিন না দিয়ে দিনাজপুর কারাগারে পাঠান।