উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের নামে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়া দুই কোটি টাকার সোনা চোরাচালান মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল আজিম ওরফে আনারসহ তিন ব্যক্তিকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফ হোসেন এই আদেশ দেন। অন্য দুই আসামি হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলাকলিপাড়ার শাখাওয়াত হোসেনের ছেলে নজরুল ইসলাম ও দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের দীন মহাম্মদ বিশ্বাসের ছেলে আবদুল আলীম। ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি সকালে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের লোকনাথপুর পেট্রলপাম্পের সামনে দর্শনাগামী একটি ট্রাক থেকে দুই কোটি ২২ লাখ ৪৪ হাজার টাকার ১২ কেজি ৯৫০ গ্রাম ওজনের ৩৫টি সোনার বারসহ (বিস্কুট) বিডিআর ওই তিনজনকে আটক করে। এ ব্যাপারে বিডিআরের কুষ্টিয়া সেক্টরের সুবেদার ইছাহক আলী বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরবর্তী সময়ে তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে ন্যস্ত হয়। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদল হওয়ার পর ২০০৯ সালের ২২ নভেম্বর সিআইডির উপপরিদর্শক মোহাম্মদ আলী ভূঁইয়া চুয়াডাঙ্গার আদালতে আওয়ামী লীগের নেতা আনারুল আজিম, ঝিনাইদহের পরিতোষ চক্রবর্তীসহ ২৩ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।