উপজেলা চেয়ারম্যানসহ দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলায় হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক এপিএস মো. আবদুল মতিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে হাজির হয়ে মতিন ও সালাউদ্দিনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে জামিন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২৮ মে উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হয়। এতে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন। নির্বাচনের দিন বেলা আড়াইটার দিকে ইউপির নাগেরচর গ্রামে তাঁকে কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন তিতাস থানায় ৪৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪৫ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এতে আবদুল মতিনকে ১ নম্বর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকারকে ২ নম্বর আসামি করা হয়। ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ তাঁদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে তাঁদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল তাঁরা আদালতে হাজির হন।