উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৫০ নেতার বিরুদ্ধে পরোয়ানা
রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন রাজশাহীর দ্রুত বিচার আদালত।গত ৯ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান তাঁর ও দলীয় নেতা-কর্মীদের গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির ৬৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বাগমারা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৮ ডিসেম্বর ৫১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত সোমবার দ্রুতবিচার আদালতের বিচারক ৫০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলার অপর আসামি উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাব্বানী নিম্ন আদালত থেকে গতকাল বুধবার জামিন পেয়েছেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা-সংক্রান্ত কাগজপত্র থানায় পৌঁছেছে।