চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বারসহ এলডিপি ও বিএনপির ১৭ জন নেতা-কর্মীকে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় ছাত্রলীগের কর্মী রমিজুর রহমান হত্যা মামলায় গতকাল তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।জানা গেছে, উপজেলা চেয়ারম্যানসহ মামলার ১৭ জন আসামি উচ্চ আদালতের নির্দেশে গতকাল নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফরিদা ইয়াসমিন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন বাতিল হওয়া ব্যক্তিরা হলেন: চন্দনাইশ উপজেলা বিএনপির একাংশের সভাপতি আবু তাহের চৌধুরী, জাফর মিয়া, নবাব মিয়া, রহমত আলী, আহমদ আলী, আবু জাহের, আবদুল ওয়াহেদ, আবুল হোসেন, নুরু মিয়া, জামাল উদ্দিন, ফয়েজ মিয়া, আবু নাসের, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন, ইফতেখার ও সিরাজুল ইসলাম। আগামী ৫ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।জানা গেছে, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বাব লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। রমিজ হত্যাকাণ্ডের সময় তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে একদল সন্ত্রাসী চন্দনাইশের ঈদপুকুরিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে রমিজুরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরদিন ৩০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা নেয়নি। পরে রমিজের ভাই মাহবুবুল আলম আদালতে মামলা করেন।আদালত সূত্র জানায়, জব্বারসহ ১৭ জনের পক্ষে ইতিপূর্বে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হয়। উচ্চ আদালত তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী তাঁরা গতকাল বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন আবেদনে তাঁরা মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক বলে দাবি করেন।আদালত সূত্র আরও জানায়, রমিজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের চিহ্নিত করতে না পারায় প্রথম দুই দফা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে অধিকতর তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৩ সালের ১৪ জানুয়ারি এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এতে জব্বারকে অন্যতম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।মামলার বাদী মাহবুবুল আলম তাঁর ভাই রমিজুর হত্যার বর্ণনা এজাহারে দিয়েছিলেন। এতে বলা হয়, ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার আবছার উদ্দিনের পক্ষে কাজ করায় তাঁকে হত্যা করা হয়। এজাহারে তিনি মোট ২৬ জনের নাম উল্লেখ করেছিলেন।