উপজেলা চেয়ারম্যানসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ খুনের ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্র পুলিশ আদালতে দাখিল করেছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ভূঁইয়া গত সোমবার বিকেলে ২৯ জনের বিরুদ্ধে জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফাতেমা ফেরদৌসের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২৩ ডিসেম্বর অভিযোগপত্রের ওপর শুনানির দিন ধার্য করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সন্ধ্যায় উপজেলা সদরে প্রকাশ্যে দলীয় প্রতিপক্ষের বল্লমের আঘাত ও দায়ের কোপে খুন হন এ কে এম ইকবাল আজাদ। ওই ঘটনায় আহত তাঁর ছোট ভাই প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আজাদ পরের দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের (বিলুপ্ত) সভাপতি মো. আবদুল হালিম, সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদসহ ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। পুলিশ প্রায় দুই মাস তদন্ত শেষে এজাহারভুক্ত ২২ আসামিসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এজাহারভুক্ত আসামিদের বাইরে যাঁরা অভিযোগপত্রে অন্তর্ভুক্ত হয়েছেন তাঁরা হলেন: উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নোয়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাদেক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আনব আলী, সদর উপজেলার অষ্টগ্রাম গ্রামের বাসিন্দা মশিউর রহমান, প্রধান আসামি আবদুল হালিমের বড় ছেলে কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের (বিলুপ্ত) সদস্য ও সহকারী শিক্ষক আল ইমরান, অটোরিকশাচালক মিস্টার আলী ও ব্যবসায়ী মো. মফিজ মিয়া। ওই হত্যার ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামি মোকারম আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। এঁরা সবাই জেলহাজতে রয়েছেন। অভিযোগপত্র থেকে মোকারম আলী ছাড়া বাকি পাঁচজনের নাম বাদ দেওয়া হয়েছে। ওসি মো. জাকির হোসেন ভূঁইয়া বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।