উপজেলা চেয়ারম্যানের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়ালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের এক ভাইস চেয়ারম্যান। গতকাল সোমবার এ বিষয়ে তাঁরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখিত দিয়েছেন। পরে সংবাদ সমেঞ্চলন করেন তাঁরা।
সংবাদ সমেঞ্চলনে চেয়ারম্যানরা বলেন, আবদুল আউয়ালের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারী আচরণে তাঁরা অতিষ্ঠ। তিনি ইউপি চেয়ারম্যানদের বাদ দিয়ে নিজস্ব লোক দিয়ে প্রকল্পের কাজ করান। এর বেশির ভাগ প্রকল্পই থাকে ভুয়া। ভুয়া প্রকল্প দেখিয়ে টিআরের চাল, স্যানিটেশনের বরাদ্দ আত্মসাৎ করেন। এ নিয়ে কথা বললে দুর্ব্যবহার করেন, হুমকি দেন। তাঁর হাতে একাধিক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। ২০১৩-১৪ অর্থবছরে বরাদ্দ পাওয়া টিআরের ১৪৯ টন চালের মধ্যে উপজেলা চেয়ারম্যান নিজে ৫৭ টন রেখে বাকি ৯২ টন নিজস্ব লোকজনকে দিয়ে দিয়েছেন। অথচ নীতিমালা অনুযায়ী, ইউপি চেয়ারম্যানদের নিয়ে সভা করে সেই চাল দেওয়ার কথা। এসবের প্রতিবাদে তিন মাস ধরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বর্জন করে তাঁকে অপসারণের দাবি জানিয়ে আসছেন চেয়ারম্যানরা।
ধরমপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, ‘উপজেলা চেয়ারম্যান একাই সব করেন। তাঁর বিরুদ্ধে কথা বললেই অপমানিত হতে হয়। সাধারণ মানুষ, জনপ্রতিনিধি থেকে সরকারি কর্মকর্তা পর্যন্ত তাঁর হাতে অপমানিত হয়েছেন। তাঁর অনিয়ম-দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা চরম পর্যায়ে পৌঁছেছে।’
ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ‘উপজেলা পরিষদ অচল। তিন মাস ধরে সভা হয় না। আমরা তাঁকে অপসারণ না করা পর্যন্ত সভায় যোগ দেব না।’ এ ছাড়া সংবাদ সমেঞ্চলনে ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার, আলী আমজাদ, জামাল হোসেন, রাসেল আহমদ, আবদুল কাইয়ুম, ফেরদৌসুর রহমান, ফজলুর রহমান, মহসিন আহমদ, মোকাররম হোসেন উপস্থিত ছিলেন।
ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অনিয়ম-দুর্নীতি করি না। তাঁদের অন্যায় সুযোগ-সুবিধা দিই না বলেই তাঁরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তাই স্থানীয় সাংসদ এই চেয়ারম্যানদের আমার বিরুদ্ধে উসকে দিচ্ছেন।’
সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের বক্তব্য সঠিক নয়, আমি উসকানি দেব কেন। চেয়ারম্যানরা তো আমার কাছেও লিখিতভাবে ওই সব অভিযোগ দিয়েছেন।’