নিজের বড় টিনের ঘর, সরকারি বাসভবন—এর কোনোটিই তাঁর পছন্দ নয়। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরপরই তিনি উঠে পড়েন বন্যা আশ্রয়কেন্দ্র কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সাড়ে চার বছর ধরে তিনি এখানেই আছেন। এই তিনি হলেন চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পেদা।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নদীভাঙনকবলিত মানুষ ও বন্যার্তদের জন্য প্রায় সাত বছর আগে ৬৮ লাখ টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র কাম চরসোলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান পেদা ২০০৯ সালের জানুয়ারিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কয়েক দিন পর পরিবার নিয়ে ওই ভবনে ওঠেন। এখনো তিনি ওই আশ্রয়কেন্দ্রে আছেন। বিদ্যালয়ের বেঞ্চ, টেবিলসহ আসবাব তিনি ব্যবহার করছেন। ভবনের ওপরে নিজেই ডিশ অ্যান্টেনা বসিয়েছেন। অথচ উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবন পড়ে আছে। পাঁচ বছর আগে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনটি তৈরি করা হয়।সম্প্রতি সরেজমিন দেখা যায়, দ্বিতল আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনটিতে শাহজাহান পেদা পরিবার নিয়ে বসবাস করছেন। এর পাশেই শাহজাহান পেদার নিজের বড় টিনের ঘর। এই ঘর তিনি ভাড়া দিয়েছেন বলে জানা যায়।বছরের পর বছর ধরে এভাবে আশ্রয়কেন্দ্র দখল করে রাখায় এলাকায় শাহজাহান পেদার ব্যাপক সমালোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা অভিযোগ করেন, চেয়ারম্যান ভবনটিতে থাকায় ঘূর্ণিঝড় মহাসেনের সময় সাধারণ মানুষ ওই আশ্রয়কেন্দ্রে উঠতে পারেনি। এ ছাড়া শিশুশিক্ষার্থীদের কষ্ট করে টিনের ঘরেই ক্লাস করতে হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকর মজুমদার জানান, তাঁর স্কুলে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। আজ অবধি নতুন ভবন ব্যবহারের সুযোগ পাননি। টিনের ঘরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হচ্ছে। তবে সামনে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করাতে হবে। তখন স্থান-সংকট প্রকট হবে।উপজেলা চেয়ারম্যান শাহজাহান পেদার দাবি, জীবনের নিরাপত্তা ও জনগণের সঙ্গে সহজে যোগাযোগের জন্য তিনি ওই ভবনে থাকেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে না।উপজেলা চেয়ারম্যানের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নিছক অজুহাত। কারণ, ওই বিদ্যালয় ভবনটি সদর থেকে দুই কিলোমিটার দূরে। অথচ উপজেলা চেয়ারম্যানের সরকারি দ্বিতল বাসভবন থানা ও উপজেলা প্রশাসনের কার্যালয় লাগোয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত কুমার দে জানান, পাঁচ বছর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য নির্মিত সরকারি বাসভবন শাহজাহান পেদা ব্যবহার করছেন না।হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, চেয়ারম্যান জীবনের নিরাপত্তা চেয়ে কখনো থানায় কোনো আবেদন করেননি।