উপজেলা চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিলের প্রজ্ঞাপন কার্যকরের নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় পর্যায়ে থাকা সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের কাজকর্মের ক্ষেত্রে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল (জবাবদিহিতা) সংক্রান্ত প্রজ্ঞাপন কার্যকরের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। গত রোববার এ-সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। হাইকোর্ট মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব, কৃষি সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, সমাজকল্যাণ সচিব, শিক্ষা সচিব, মহিলা ও শিশু সচিব, যুব ও ক্রীড়া সচিব এবং গণপূর্ত সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। এর আগে ২০০৯ সালের ৩০ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় উপজেলা পরিষদ আইন-১৯৯৮ অনুসারে উপজেলা পরিষদের কাছে প্রতিবেদন দাখিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটি কার্যকর না হওয়ায় এ বিষয়ে নির্দেশনা চেয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু গতকাল রিট আবেদনটি করেন। এতে আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, উপজেলা পরিষদ আইনের ২৪ ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সরকারি বিভাগ বা দপ্তরকে উপজেলা পরিষদের হাতে ন্যস্ত করতে পারবে। এই ধারার ক্ষমতাবলে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগকে উপজেলা পরিষদের হাতে ন্যস্ত করে। উপজেলা পরিষদ বাংলাদেশের সংবিধান স্বীকৃত একটি প্রশাসনিক একক। তাই উপজেলা পরিষদে ন্যস্ত সবাই চেয়ারম্যানের নির্দেশে কর্মকাণ্ড পরিচালনা করতে বাধ্য। এ হিসেবে স্থানীয় পর্যায়ের সরকারি বিভাগগুলো পরিষদের কাছে প্রতিবেদন দাখিলসহ জবাবদিহি করবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় সাংসদের ব্যক্তিগত প্রশাসন এসব বিষয় নিয়ন্ত্রণ করছে।