উপজেলা চেয়ারম্যানের কাছে যাচ্ছে টিআর-কাবিখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদে হস্তান্তরিত সব মন্ত্রণালয় ও বিভাগের স্থানীয় কর্তৃত্ব উপজেলা পরিষদের হাতেই যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যেসব মন্ত্রণালয় ও বিভাগের স্থানীয় দপ্তর উপজেলা পরিষদের হাতে ন্যস্ত করা হয়েছে, এখন তার কোনোটিরই ওপর উপজেলা চেয়ারম্যানদের কর্তৃত্ব নেই। এ নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমিতি শুরু থেকে আন্দোলনসহ বিভিন্ন পর্যায়ে দেনদরবার করে আসছে।সূত্র জানায়, এবারই প্রথম টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির কর্তৃত্ব সরাসরি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে দেওয়া হচ্ছে। এ জন্য টিআর-কাবিখা বণ্টন নীতিমালা সংশোধন করা হয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বছরে টিআর-কাবিখার সাধারণ বরাদ্দ সরাসরি উপজেলা চেয়ারম্যানের অনুকূলে যাবে। আগে এটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে দেওয়া হতো। উপজেলা চেয়ারম্যান প্রকল্প করে তা পরিষদের বৈঠকে অনুমোদন নেবেন। পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুমোদিত প্রকল্পের অনুমোদন দিতে বাধ্য থাকবেন বলেও নীতিমালায় উল্লেখ থাকছে। জনসংখ্যা, দারিদ্র্য ও উপজেলার আয়তন অনুযায়ী কেন্দ্র থেকে এ বরাদ্দ দেওয়া হবে। জানা যায়, চলতি ২০১০-১১ অর্থবছরে কাবিখা হিসেবে তিন লাখ ৫৪ হাজার ৩০০ মেট্রিক টন চাল এবং ৬০ হাজার মেট্রিক টন গমসহ এক লাখ ৬০ হাজার মেট্রিক টন চাল দেওয়া হবে টিআর হিসেবে। জানতে চাইলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আপাতত টিআর-কাবিখা উপজেলা চেয়ারম্যানদের অনুকূলে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে আরও কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা নেওয়া হবে। তবে সব ক্ষেত্রে সাংসদের সঙ্গে সমন্বয় করেই সমন্বিতভাবে কাজ করার সুযোগ থাকবে। আর সাংসদদের জন্য সময়ে সময়ে বিশেষ কোটা বরাদ্দের ব্যবস্থা থাকবে।এদিকে উপজেলা পরিষদে ন্যস্ত হলেও উপজেলা স্বাস্থ্য কমিটির কর্তৃত্ব এখনো সাংসদের হাতে। স্বাস্থ্য মন্ত্রণালয় এখন নতুন করে উপজেলা স্বাস্থ্য কমিটির কর্তৃত্বও উপজেলা চেয়ারম্যানদের হাতেই দিতে নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পরিসংখ্যান বিভাগ, হিসাবরক্ষণ বিভাগ, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আদেশ-নির্দেশনা রয়েছে। কোনোটাতে উপজেলা চেয়ারম্যানের কর্তৃত্ব আছে কিন্তু কমিটির গঠন ও কর্মপরিধি এমনভাবে করা হয়েছে, যেখানে কার্যত উপজেলা চেয়ারম্যান ক্ষমতাহীন। জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করা সরকারের অঙ্গীকার। এ অনুযায়ী পর্যায়ক্রমে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।