উপজেলা চেয়ারম্যানের চালক ও দেহরক্ষী অস্ত্রসহ গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দেহরক্ষী ও চালককে থানা পুলিশ গত শনিবার মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন চেয়ারম্যানের দেহরক্ষী সার্জন (অব.) ফয়েজ উদ্দিন (৪৫) ও চালক মিঠু মিয়া (৩৩)।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. মহসিনুল কাদির, এসআই হাসানসহ কয়েকজন আহত হন। ওই ঘটনায় কালিয়াকৈর থানার এসআই মহসিনুল কাদির বাদী হয়ে কালিয়াকৈর থানায় উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী ফয়েজ উদ্দিন, চালক মিঠু মিয়াসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০-৪৫ জনের নামে একটি মামলা করেন। গত শনিবার রাতে উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগত কাজে থানায় যান। এ সময় পুলিশ চেয়ারম্যানের দেহরক্ষী ও চালকের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আছে বলে জানায়। পরে পুলিশ দেহরক্ষী ফয়েজ ও চালক মিঠু মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় ময়েজের কাছে থাকা ১ নলা একটি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।