উপজেলা চেয়ারম্যানের নামে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে টিআরের চাল-গম আত্মসাতের অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার ও রোববার দুদকের টাঙ্গাইলের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এসব মামলা করেন।
মামলায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানরা হলেন নলকুড়ার খলিলুর রহমান, কাংশার আবদুর রউফ সরকার, ধানশাইলের রিয়াজুল ইসলাম, সদর ইউনিয়নের জয়নাল আবেদীন খান, গৌরীপুরের সুলতান আহমেদ, হাতিবান্দার নাসির উদ্দিন ও মালিঝিকান্দার শফি উদ্দিন।
এজাহারে উল্লেখ করা হয়, ২০১১-১২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির (টিআর) আওতায় ১০০ মেট্রিক টন চাল-গম বরাদ্দ দেয় সরকার। নিয়ম অনুযায়ী এসব চাল-গম দিয়ে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কথা। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা তা না করে ভুয়া প্রকল্প সাজিয়ে পুরো চাল-গম উত্তোলন করেন এবং তা কালোবাজারে বিক্রি করে দেন। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল আলম বদলির পর ঘটনাটি ফাঁস হয়ে যায়। বর্তমান ইউএনও রেজাউল করিম ঘটনা তদন্তে মাঠে নামেন। তদন্তে অভিযোগের সত্যতা মেলে।