উপজেলা চেয়ারম্যানের নির্দেশে শিক্ষা কর্মকর্তাকে মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পছন্দের স্কুলে শিক্ষক বদলি না করায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনার জন্য চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্করকে অভিযুক্ত করেছেন প্রহূত হওয়া ওই শিক্ষা কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের অফিসরুমে।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শূন্য পদে বদলরি জন্য আবেদন করেন একই উপজেলার রাজাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদর রহমান। পাশাপাশি একই পদে জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাম্মদ তারিনা আক্তারও আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা প্রথম আবেদনকারী মাহমুদুর রহমানের আবেদন সুপারিশ করে জেলা শিক্ষা অফিসে পাঠান। এদিকে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির লস্করের এ বিষয়ে সুপারিশ ছিল তারিনা আক্তারের জন্য। উপজেলা শিক্ষা কর্মকর্তা এই কাজ না করায় তিনি ছিলেন ক্ষুব্ধ।গতকাল সোমবার চুনারুঘাট উপজেলা উন্নয়ন কমিটির নির্ধারিত সভা ছিল উপজেলা পরিষদ কার্যালয়ে। এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুল কাদিরের সঙ্গে দেখা হয় শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলামের। এ সময় চেয়ারম্যান সভা শেষে শিক্ষা কর্মকর্তাকে তাঁর অফিসরুমে দেখা করতে বলেন। ওই দিন বেলা দুইটার দিকে শিক্ষা কর্মকর্তা দেখা করতে চেয়ারম্যানের অফিসরুমে যান। এ সময় উপজেলা চেয়ারম্যান তাঁর সুপারিশ করা তারিনা আক্তারের বদলি আবেদনের বিষয়টি নিয়ে শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চান। শিক্ষা কর্মকর্তা জানান, সিনিয়র হিসেবে ও নীতিমালা অনুযায়ী তিনি শিক্ষক মাহমুদুর রহমানের আবেদন ইতিমধ্যে সুপারিশ করে জেলা শিক্ষা অফিসে পাঠিয়েছেন। একপর্যায়ে চেয়ারম্যানের অফিসে আগে থেকেই বসা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তাঁর কয়েকজন কর্মী হঠাৎ করে শিক্ষা কর্মকর্তাকে মারধর শুরু করে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা বলেন, উপজেলা চেয়ারম্যানের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেন বলে তিনি অভিযোগ আনেন।চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এই অভিযোগ অস্বীকার করে বলেন, কথা-কাটাকাটি হয়েছে সত্য, এর বেশি কিছুই নয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা তাঁকে ও তাঁর দলীয় নেতা-কর্মীদের হেয় করার জন্য এই অপবাধ ছড়াচ্ছেন।