উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসনের নির্মাণাধীন বিপণিবিতানে চাহিদা অনুযায়ী কক্ষ বরাদ্দ না পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে একদল লোক বিপণিবিতানের কক্ষ ভাঙচুর ও চার শ্রমিককে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা পাঁচ রাস্তার মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। আহত শ্রমিকেরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ জামান গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, সাত মাস আগে উপজেলা প্রশাসন শরণখোলা উপজেলা সদরের পাঁচ রাস্তার মোড়ে ৫৩ দশমিক ২০ শতাংশ খাসজমিতে বাজার ও বিপণিবিতান নির্মাণের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বিধি মোতাবেক বিপণিবিতানের ৭৫টি কক্ষের নির্মাণকাজ চলছে। গত বৃহস্পতিবার তিনি বিপণিবিতানের নির্মাণকাজের অগ্রগতি দেখতে যান। এ সময় কামাল উদ্দিনের নেতৃত্বে ৫০-৬০ জন লোক লাঠিসোঁটা হাতে সেখানে আসেন এবং অকথ্য ভাষায় তাঁকে গালাগাল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, উপজেলা চেয়ারম্যানের চাপের মুখে তিনি চেয়ারম্যানের নিজের নামে একটি এবং তাঁর বাড়ির কাজের লোকসহ অন্তত ছয়জনের নামে আরও ছয়টি কক্ষ বরাদ্দ নিয়েছেন। তবে কামাল উদ্দিন তাঁর বিরুদ্ধে চাপ দিয়ে ঘর বরাদ্দ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপনে বরাদ্দবাণিজ্য করছেন।