উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ দাবি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরীর পদত্যাগের দাবি জানানো হয়েছে। এলাকাবাসী তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা, স্বেচ্ছাচারিতা, মাদক গ্রহণসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে এ দাবি জানান। দিনাজপুর প্রেসক্লাব চত্বরে গত শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি জানানো হয়।শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন হয়। এ সময় অংশগ্রহণকারী ব্যক্তিরা আজ রোববারের মধ্যে উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আগামীকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেতাবগঞ্জ পৌর এলাকার ব্যবসায়ী শাহান পারভেজ। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, উপজেলা চেয়ারম্যানের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। চেয়ারম্যানের কাজের সমালোচনা বা অন্যায় কাজের প্রতিবাদ করায় চেয়ারম্যান এবং তাঁর বখাটে বাহিনীর হাতে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি লাঞ্ছিত হয়েছেন।লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান হিসেবে সরকার কর্তৃক দেওয়া নতুন জিপগাড়ি পাওয়ার পরও তাঁর সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ইউএনওর জিপটি ব্যবহার করছেন। গত ২৫ অক্টোবর উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় ফরহাদ হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীরভদ্র রায়কে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে সব ইউপি চেয়ারম্যান সভা ত্যাগ করে চলে যান। সংবাদ সম্মেলনে সাজেদুল পারভেজ, রবিউল গনি, আবদুর রব, আবুল কাসেম, শাহজাহান চৌধুরীসহ বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন মাদক সেবন, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের লাঞ্ছিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লোকজন ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে।’