উপজেলা চেয়ারম্যানের পর মেয়রও বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানের দায়ের করা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় মামলার আসামি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রাজ্জাক প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে এই মামলার আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএম জিয়াউর রহমান বাগমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আবদুর রাজ্জাক প্রামাণিক ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি।গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ ১৩ (১) ধারা মোতাবেক মেয়রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্যানেল মেয়র-১ কে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্যাক্সযোগে প্রজ্ঞাপনটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে পৌঁছেছে। ইউএনও সাদেকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। গত বছরের ৯ ডিসেম্বর ওই দুজনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে বাগমারা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে গত ১৮ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে। এরপর আদালত একজন বাদে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন। এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে মামলা করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা আওয়ামী লীগ নেতার মিথ্যা মামলার বলি বলে দাবি করেন।তবে মামলার বাদী মাহাবুবুর রহমান বলেন, রাজনৈতিক কারণে নয়, তাঁরা হাঙ্গামা করেছেন, তার পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে।