ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের খুনের ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সরকারি বাসার মালামাল জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত সরাইল থানার পুলিশ রফিক উদ্দিন ঠাকুরের বাসার মালামাল জব্দ করে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইকবাল আজাদ হত্যা ঘটনার এক মাস ছয় দিন চলে গেলেও রফিক উদ্দিন ঠাকুরসহ মামলার মূল আসামিরা গ্রেপ্তার হননি। তাঁরা আদালতেও আত্মসমর্পণ করেননি। পুলিশ প্রধান প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে তাঁদের বাড়ির মালামাল ক্রোকের অনুমতি চাইলে আদালত অনুমতি দেন। সরাইল থানার পুলিশ গতকাল বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রফিক উদ্দিন ঠাকুরের সরকারি বাসা থেকে মালামাল জব্দ করে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সরকারি বাসায় বসবাস করে আসছিলেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, রফিক ঠাকুরের বাসার মালামাল জব্দ করার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ অন্য তিন আসামির বসতবাড়ির মালামালও জব্দ করেছে। তবে ওই তিন আসামির বাড়িতে তেমন কোনো মালামাল ছিল না।গত ২১ অক্টোবর সন্ধ্যায় দলীয় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ও দায়ের কোপে খুন হন এ কে এম ইকবাল আজাদ।