উপজেলা চেয়ারম্যানের বিচার চেয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধন করেছেন। গত রোববার বিকেলে বাসিয়া ব্রিজে আয়োজিত ওই কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের নেতারাও অংশ নেন। তাঁরা মুহিবুর রহমানের বিচার দাবি করেন।দশগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা বক্তব্য দেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেখানে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আলতাব হোসেন প্রমুখ।গত ৮ জুলাই লামাকাজী ইউনিয়নের ভুরকী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান মুহিবুর রহমান। এ সময় স্থানীয় কিছু লোক তার কাছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিপ্লবী পালের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেন। শিক্ষিকা বিপ্লবী পাল অভিযোগ করেন, তাঁর বক্তব্য না শুনেই উপজেলা চেয়ারম্যান তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, বিপ্লবী পাল নিজের অপকর্ম ঢাকতে ষড়যন্ত্র করে শিক্ষকদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন।