উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম মহসিন রেজার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন দুজন ভাইস চেয়ারম্যান ও উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। গত ২৯ মে তাঁরা বিভাগীয় কমিশনারের কাছে এই অনাস্থা প্রস্তাব দিয়েছেন। অনাস্থাপত্র ও ইউপি চেয়ারম্যানদের সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান সব-কিছুতেই একক কর্তৃত্ব প্রতিষ্ঠার ফলে উপজেলার দুই ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে। গত ২ মে উপজেলা পরিষদের সভায় উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজার বিভিন্ন অনিয়ম তুলে ধরে এসব সমস্যার দ্রুত সমাধান দাবি করে ওই নয়জন সভা বর্জন করেন।কিন্তু এর কোনো সমাধান না হওয়ায় উপজেলা চেয়ারম্যানের আইনবহির্ভূত ক্ষমতা প্রয়োগ, অন্যায়-অনিয়ম ও দুর্ব্যবহারের প্রতিবাদে ২৯ মে খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে হাজির হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ আবদুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, আমাদী ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, বাগালী ইউপি চেয়ারম্যান মো. ওয়ালিউল্লাহ, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান ও দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান এম এম এ মান্নান অনাস্থাপত্র দাখিল করেন।কয়রা সদর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা চেয়ারম্যান সাধারণত কোনো ইউপি চেয়ারম্যান ও উপজেলার দুই ভাইস চেয়ারম্যানকে মূল্যায়ন করেন না। সভায় বসে সবাই যে সিদ্ধান্ত নেন, পরে রেজুলেশনে দেখা যায় তা পরিবর্তন হয়ে গেছে। কাবিখা বা টিআরের ইউনিয়ন কোটার কিছু মালামাল কেটে রেখে তাঁর লোকদের দিয়ে কাজ করান। আর ইউনিয়ন থেকে দেওয়া প্রকল্প কমিটিতেও তিনি তাঁর লোক ঢোকান। তাঁর বিরুদ্ধে অনাস্থা আনতে বাধ্য হয়েছি।’অভিযোগ প্রসঙ্গে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম মহসিন রেজা বলেন, ‘আসলে গ্রুপ পলিটিক্সের কারণে এসব হচ্ছে। তবে তাঁদের অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই। আশা করছি, অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’