ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শাহাজাহান মীরদাহ ওরফে পিকুল। গত শনিবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে তিনি এ অভিযোগ দেন। এর আগে গত শুক্রবার স্থানীয় সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও ভয় দেখানোর অভিযোগ করেছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মোজাফ্ফার হোসেন মিয়া।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, এম এম মোশাররফ হোসেন সরকারি গাড়ি, কার্যালয় ও বাসা ব্যবহার করে তাঁর ভাই স্বতন্ত্র (আওয়ামী লীগের ‘বিদ্রোহী’) মেয়র প্রার্থী মোজাফ্ফার হোসেন বাবলু মিয়ার পক্ষে কাজ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। মোশাররফ হোসেন দলীয় মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে তাঁর ভাইয়ের পক্ষে ভোট চাইছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মোশাররফ তাঁর ভাইয়ের পক্ষে ভোট প্রার্থনা করতে গিয়ে ১৪ ডিসেম্বর এক সভায় ক্ষতিগ্রস্ত এক কর্মীকে পাঁচ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি ভাইয়ের জন্য ভোট চাইতে গিয়ে বিভিন্ন উন্নয়ন ও নগদ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন, যা আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন।
অভিযোগ প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ‘ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামার দিন থেকে আমি সরকারি বাসায় থাকি না। এমনকি এক মুহূর্তের জন্য ওই বাসায় প্রবেশ করি না। প্রচারণায় সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে না। আমি ক্ষতিগ্রস্ত কোনো কর্মীকে টাকা দেওয়ার কথা বলিনি। তবে আমার ভাই মো. মোজাফ্ফার হোসেন মিয়ার পক্ষে কাজ করতে গিয়ে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন, তবে আমি তাঁদের পাশে থাকব।’
বোয়ালমারীর রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান বলেন, ‘উপজেলা চেয়ারম্যান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন মর্মে একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ ব্যাপারে একজন নির্বাহী হাকিম দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনসহ সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।
এর আগে শুক্রবার স্বতন্ত্র মেয়র প্রার্থী মোজাফ্ফার হোসেন মিয়া রিটার্নিং কর্মকর্তার কাছে স্থানীয় সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানো এবং তাঁর কর্মী ও সমর্থকদের ভয় দেখানোর লিখিত অভিযোগ দেন। অবশ্য সাংসদ আবদুর রহমান এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।