উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওর মামলা
বান্দরবানের আলীকদম উপজেলার চেয়ারম্যানের বিরুদ্ধে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাহাড় কাটার দায়ে মামলা করেছেন। তবে এলাকাবাসী অভিযোগ করেছেন, ইউএনও প্রকাশ্যে বহিরাগত ভূমিদস্যুর পক্ষ নিয়ে স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদের কাজে জড়িত হয়ে উপজেলা চেয়ারম্যান ও এলাকাবাসীকে মামলাসহ নানা রকম হয়রানি করছেন। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান, তিনি কোনো পাহাড় কাটেননি। ইউএনও সরাসরি বহিরাগত ভূমিদস্যুদের পক্ষ নেওয়ায় তিনি প্রতিবাদ করেছেন। এ জন্য তিনি ক্ষমতার অপব্যবহার করে বানোয়াট অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন। ইউএনও আসাদ-উজ্জামান বলেন, স্থানীয় লোকজন কয়েক দিন ধরে তাঁর কাছে উপজেলা চেয়ারম্যান আবুল কালামের বিরুদ্ধে পাহাড় কেটে বিলাসবহুল হোটেল নির্মাণের অভিযোগ করেছেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে আমতলী এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছেন। এ জন্য উপজেলা চেয়ারম্যান আবুল কালাম ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এখন পলাতক রয়েছেন বলে ইউএনও দাবি করেন। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হোসাইন বলেন, ভ্রাম্যমাণ আদালতের পেশকার পীযূষ কান্তি দাশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। উপজেলা চেয়ারম্যান পাহাড় কাটছেন বলে তাঁদের কাছেও অভিযোগ রয়েছে।