উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে এক নারীর প্রতারণার অভিযোগ
কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে পাঁচ লাখ টাকা আত্মসাৎ ও অনৈতিক প্রস্তাব দেওয়ায় লিখিত অভিযোগ করেছেন এক নারী। গতকাল রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মো. জাকির হোসেনের কাছে তিনি ওই অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মজিবর উপজেলা পরিষদে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার নামে ওই নারীর কাছ থেকে পাঁচ লাখ টাকা নেন। চেয়ারম্যানের মৌখিক নির্দেশে ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ওই নারী বিনা পয়সায় কাজ করেন। কাজ করা অবস্থায় উপজেলা চেয়ারম্যান ওই নারীর সঙ্গে আপত্তিকর ব্যবহার ও অনৈতিক কাজের প্রস্তাব দেন। বাধ্য হয়ে ওই নারী অফিসে যাওয়া বন্ধ করেন। এরপর মজিবর ওই নারীকে জানিয়ে দেন, আইনি জটিলতায় তাঁকে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। তাই তিনি টাকা ফেরত না দিয়ে বিকল্প হিসেবে ওই নারীর স্বামীকে বাড়ির নিরাপত্তা প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। পরে ওই নারী চাকরি না পেয়ে উপজেলা চেয়ারম্যানের প্রতারণার বিচার চেয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকের কাছে পৃথকভাবে গতকাল এই লিখিত অভিযোগ দেন। এ ছাড়া গত বৃহস্পতিবার উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় ওই নারী সবার সামনে মৌখিকভাবে প্রতারণার অভিযোগ করেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মজিবর বলেন, ‘আমার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওই নারী তাঁর স্বামীর চাকরির জন্য আমার কাছে দীর্ঘদিন ধরে ঘুরছিলেন। তাই তাঁর স্বামীকে উপজেলা পরিষদের বাসার ‘নিরাপত্তা প্রহরী’র চাকরি জন্য সুপারিশ পাঠিয়েছি। একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হেনস্তা করতে ওই নারীকে দিয়ে এ অভিযোগ করিয়েছে।’