উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেনের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ উঠেছে। গত ২৯ জানুয়ারি উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অযোধ্যা দারিক সরদারের ডাঙ্গি গ্রামের চিত্তরঞ্জন সরকার ও রণজিত্ কুমার মণ্ডল চরভদ্রাসন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তবে আবুল হোসেন অস্বীকার করে বলেন, তাঁকে হেয় করতে প্রতিপক্ষ এ কাহিনীর অবতারণা করেছে।সংবাদ সম্মেলনে চিত্তরঞ্জন সরকার অভিযোগ করেন, আবুল হোসেন তাঁর ৫২ শতক ফসলি জমি ২৫ বছর ধরে জবরদখল করে রেখেছেন। রণজিত্ মণ্ডল অভিযোগ করেন, আবুল হোসেন তাঁর ১০ শতক জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন। কিন্তু প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করার সাহস পাননি। চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন এ বিষয়ে বলেন, ‘আমাকে জনসমক্ষে হেয় করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষ এ সংবাদ সম্মেলনের অয়োজন করেছে। আমি ভূমিদস্যু হলে চেয়ারম্যানশিপ ছেড়ে দেব।’