উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পে-অর্ডার ছিনতাইয়ের অভিযোগ
ফেনীতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গতকাল রোববার দুপুরে দরপত্রের সঙ্গে জমা দেওয়া পৌনে তিন লাখ টাকার ২৫টি পে-অর্ডার ছিনতাই ও তা পরে ফেরত দেওয়ার ঘটনা ঘটেছে। ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের নেতৃত্বে এই ছিনতাই হয় বলে অভিযোগ উঠেছে। উপজেলা চেয়ারম্যান একরামুল এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সে সময় এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একটি বিষয়ে আলাপ করতে গিয়েছিলেন। তবে সে সময় কয়েকজন ঠিকাদার অফিস সহকারী নূর নবীর কাছ থেকে কয়েকটি পে-অর্ডার নিয়ে যান। পরে তাঁদের ডেকে সেগুলো ফেরত দিতে বাধ্য করেছেন বলে তিনি দাবি করেন। এলজিইডি কার্যালয়ের কর্মচারী ও ঘটনার প্রত্যক্ষদর্শী নূরুল আফসার জানান, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান একরামুলের নেতৃত্বে চার-পাঁচজন লোক নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান সহকারী নূর নবীর কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তারা গত ১২ ডিসেম্বর বাছাইকৃত দরপত্রের (বিভিন্ন সড়কের সংস্কার কাজের) কার্যাদেশের জন্য ঠিকাদারদের পে-অর্ডারগুলো চায় ও ২৫টি পে-অর্ডার জোর করে নিয়ে যায়। বিষয়টি দ্রুত বিভিন্ন মহলে জানাজানি হলে এক ঘণ্টা পর দুপুর একটার দিকে তিনি পে-অর্ডারগুলো ফেরত দেন। ফেনী নির্বাহী প্রকৌশলী আলী হোসেন চৌধুরী তাঁর কার্যালয় থেকে পে-অর্ডার ছিনতাই ও ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।