উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন আলী আকবরের বিরুদ্ধে এবার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে কটিয়াদী সদরে মিছিল ও সমাবেশ হয়েছে। গত সোমবারের এ কর্মসূচিতে পৌরসভার মেয়রসহ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) আটটির চেয়ারম্যানই অংশ নেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।
এর আগে গত রোববার ইউএনও ফারাহ গুল নিঝুমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকায় মিছিল ও সমাবেশ হয়।
সোমবার দুপুরে মেয়র ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে এলাকাবাসী স্থানীয় শহীদ মিনারে জড়ো হয়ে দুর্নীতি প্রতিরোধে অঙ্গীকার করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন। মেয়র তোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বনগ্রাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সহশ্রাম-ধূলদিয়ার আলতাফ উদ্দিন, চান্দপুরের মাহতাব উদ্দিন, মুমুরদিয়ার ছেনু মিয়া, আছমিতার আবু হানিফা, মসূয়ার আবু বকর সিদ্দিক, লোহাজুরির হায়দার মারুয়া ও জালালপুরের শাহনেওয়াজ ভূঁইয়া। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মেয়রের সভাপতিত্বে সোমবারের সমাবেশে বক্তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবরের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা আর লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, চেয়ারম্যান হওয়ার পর থেকে আলী আকবরের দুর্নীতির সঙ্গে আপস না করায় এ পর্যন্ত চারজন ইউএনওকে কটিয়াদী ছেড়ে যেতে হয়েছে। সমাবেশ শেষে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তাঁরা।
চেয়ারম্যান আলী আকবর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইউএনও ফারাহ গুল ইউপি চেয়ারম্যানদের তাঁর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন।’ স্মারকলিপি দেওয়াটাও ইউএনওর নাটক বলে তিনি মনে করেন।