উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলীর বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বাদ দিয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এর আগে নানা অনিয়মের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানরা এই কমিটির সভা বয়কট করেছিলেন। ইউপি চেয়ারম্যানরা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী তাঁর ইচ্ছেমতো বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ বণ্টন করেন। রাজস্ব খাতের ২৫ লাখ টাকা নিজের খেয়ালখুশিমতো উপজেলা পরিষদ ক্যাম্পাস রং ও চুনকামে ব্যয় করেছেন। এ ছাড়া সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত পাল্টে ফেলেন তিনি। এসব ঘটনার ব্যাখ্যা দাবি করলে উপজেলা চেয়ারম্যান তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। গত ২৩ নভেম্বর কমিটির সভায় ১০ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে মাত্র একজন উপস্থিত হলে তা মুলতবি করা হয়। উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী চেয়ারম্যানদের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি বিধিবিধানের বাইরে কিছু করার সুযোগ নেই। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যসচিব খোন্দকার আনোয়ার হোসেন বলেন, ‘সভা হয়েছে। সভায় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন, এর বাইরে কিছু মুঠোফোনে বলা যাবে না।’