উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিদ্যালয়ের জায়গা ও ভবন দখল করে মার্কেট নির্মাণ করায় নড়াইলের কালিয়া উপজেলার চেয়ারম্যান খান শামীম রহমানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রাথমিক ও গণশিক্ষাসচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান প্রথম আলোকে জানান, ওই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্থানীয় সরকারসচিব মনজুর হোসেনের কাছে গতকাল বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে।প্রসঙ্গত, ২৪ আগস্ট প্রথম আলোয় ‘নিচে স্কুল ওপরে মার্কেট’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, খান শামীম রহমান স্কুলের জায়গা দখল করে মার্কেট নির্মাণ শুরু করেছেন।এদিকে সরকারি সম্পত্তি রক্ষা করতে না পারায় ওই উপজেলার শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করে মামলা করা হয়েছে। এর আগে একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নলিনী কুমার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপক কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত ও শৃঙ্খলা শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান সরকারি সম্পত্তি রক্ষায় পেশাগত দায়িত্ব পালনে চরম অবহেলা ও উদাসীনতা দেখিয়েছেন। এ জন্য সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ উপবিধি অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।মামলা: অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বাদী হয়ে কালিয়া উপজেলা চেয়ারম্যান ও তাঁর বড় ভাই বিদ্যালয়ের সভাপতি খান আবদুল মতিনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেছেন (মামলা নম্বর ৩২, তাং ২৯/৭/১০)।নড়াইলের জেলা প্রশাসক আনোয়ার হোসেন জানান, ইউএনও অরুণ কুমার মণ্ডল, নির্বাহী ম্যাজিস্ট্রেট তবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দারের বিরুদ্ধে মামলা করেছেন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার তরিকুল আলম। আদালত ১১ অক্টোবরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী উল্লেখ করেন, গত ৩০ জুলাই বড়দিয়া প্রাথমিক বিদ্যালয়ের ওপরে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করতে গিয়ে ভবনসংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা ইদ্রিসের কবর ভেঙে ফেলা হয়, যা মুক্তিযোদ্ধাদের অনুভূতিতে আঘাত করেছে।