একজন প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়রা আজাদী এই মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলমের স্ত্রী শাহেদা জাফর এবং মালেকা বেগম নামের এক নারী।
বাদীর আইনজীবী আবদুর রহমান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী হুমায়রা আজাদী বলেন, রিংভং দক্ষিণ পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি থাকা অবস্থায় ২০১১ সালের ২৪ অক্টোবর সহকারী শিক্ষক মালেকা বেগম পানি উন্নয়ন বোর্ডে চাকরির কথা বলে নিজের ইচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান। পরে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ওই পদে একজনকে নিয়োগ দেয় স্কুল কমিটি। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি হলে লোভে পড়েন মালেকা বেগম। এরপর থেকে মালেকা বেগমকে আবার যোগদান করিয়ে নিতে তাঁর ওপর চাপ প্রয়োগ করে আসছেন জাফর আলম ও তাঁর স্ত্রী শাহেদা জাফর।
হুমায়রা আজাদী বলেন, ‘গত ২৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে আসেন জাফর আলম, তাঁর স্ত্রী শাহেদা জাফর ও মালেকা বেগম। তাঁরা বিদ্যালয়ে ঢুকেই ছাত্রছাত্রীদের হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন। এরপর মালেকা বেগমের নিয়োগ ও যোগদানপত্রে স্বাক্ষরের জন্য চাপ দেন তাঁরা। অস্বীকৃতি জানিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের কথা বললে ক্ষিপ্ত হয়ে তাঁরা আমাকে কিলঘুষি মারতে থাকেন।’
অভিযোগ অস্বীকার করে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, ‘আমি উপজেলা শিক্ষা কমিটির সদস্য। মালেকা বেগম নামের এক শিক্ষককে অনেক দিন ধরে হাজিরা খাতাসহ অন্যান্য প্রয়োজনীয় জায়গায় স্বাক্ষর করতে দিচ্ছিলেন না হুমায়রা আজাদী। এ জন্য আমি বিদ্যালয়ে গিয়ে বিষয়টি জানতে চেয়েছি। আমি তাঁকে মারধর করিনি। আমার ইমেজ ক্ষুণ্ন করতে দলের একটি অংশ হুমায়রা আজাদীকে দিয়ে আদালতে মামলাটি করিয়েছে।’