উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুটি মামলা করা হয়েছে। গত ৫ ডিসেম্বর ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ও পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাদী হয়ে বগুড়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এ মামলা দুটি করেন।মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সরকারি পুকুর ভরাট করে সেখানে মার্কেট নির্মাণ করছিলেন। নির্মাণাধীন এই মার্কেটের দোকানঘর বরাদ্দ দিয়ে চেয়ারম্যান কয়েক কোটি টাকা আদায় করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও আতাউল গনি গত ২৭ অক্টোবর মার্কেটের নির্মাণকাজ বন্ধ করে দেন। এ কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিক উপজেলা পরিষদের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে পরিষদের খালি জায়গায় অস্থায়ীভাবে দোকানঘর নির্মাণের অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেন। কিন্তু মন্ত্রণালয় ৩ নভেম্বর চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, উপজেলা পরিষদের খালি জায়গায় অস্থায়ীভাবে দোকানঘর নির্মাণের কোনো সুযোগ নেই। মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, ‘আমি ও জাহাঙ্গীর মিলে চেয়ারম্যানকে পাঁচটি দোকানঘরের বরাদ্দ নিতে পাঁচ লাখ টাকা দিয়েছিলাম। দোকান বরাদ্দ না পেয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা চেয়ারম্যানের কাছে ওই টাকা ফেরত চাই। কিন্তু তিনি আমাদের টাকা পরিশোধ করতে রাজি হননি। এ কারণে এখন মামলা প্রত্যাহার করার আর কোনো সুযোগ নেই।’ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই মামলা দুটি করা হয়েছে।’