ভিজিএফের চাল বিতরণে বাধা এবং চাল ছিনতাই চেষ্টার অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভাই বিএনপির স্থানীয় নেতা শাফিকুল ইসলামসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার আউচপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গতকাল ওই ইউপি কার্যালয়ে দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ চলছিল। দুপুরের দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানের ছোট ভাই বিএনপি নেতা শাফিকুল ইসলাম কয়েকজন লোক নিয়ে সেখানে যান। চেয়ারম্যানের কক্ষে ঢুকে তিনি আওয়ামী লীগের স্থানীয় নেতাদের চাল দেওয়ার কারণ জানতে চান। একপর্যায়ে তিনি তাঁর জন্য চাল দাবি করেন। চেয়ারম্যান এতে অস্বীকৃতি জানালে তিনি চাল বিতরণে বাধা দেন এবং পরিষদ থেকে চালের বস্তা নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও এলাকার লোকজন শাফিকুলকে পেটাতে থাকেন। এ সময় শাফিকুল পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিলে ওই বাড়ি ঘেরাও করা হয়। খবর পেয়ে ইউএনও সাদেকুল ইসলাম ও পুঠিয়া সার্কেলের এএসপির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় শাফিকুল ও তাঁর সহযোগী সোহেল রানাকে আটক করে।
ইউপি চেয়ারম্যান মাহাতাবুর রহমান বলেন, বিএনপি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ১০০টি করে ভিজিএফের তালিকা নেওয়া হয়েছে। তার পরও শাফিক অতিরিক্ত চাল দাবি করায় এ ঘটনা ঘটেছে। শাফিক দাবি করেন, আওয়ামী লীগের লোকজন ভুয়া তালিকা করে ভিজিএফের চাল আত্মসাৎ করেন। তিনি প্রতিবাদ করায় তাঁর ওপর হামলা চালানো হয়েছে।