উপজেলা চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত ইউএনও ও সমাজসেবা কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি ঋণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার সব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা বিষয়টি নিরসনের জন্য বৈঠকে বসেছেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার বেলা তিনটায় সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পল্লী সমাজসেবা কর্মসূচির আওতায় ঋণ বিতরণ চলছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম। এতে উপজেলার ৪১ জনকে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হচ্ছিল।সোনাগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, সরকারি নীতিমালা অনুযায়ী সমাজসেবার ঋণ বিতরণ কর্মসূচি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে করার নিয়ম রয়েছে। সে অনুযায়ী ইউএনওর সঙ্গে পরামর্শ করে পরিষদ মিলনায়তনে ঋণ বিতরণ কর্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম তাঁকে ডেকে পাঠান। তিনি অনুষ্ঠান শেষে দেখা করবেন বলে বার্তাবাহককে জানান। এর কয়েক মিনিট পর উপজেলা চেয়ারম্যান নিজেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তাঁকে আমন্ত্রণ না জানানোর কারণ জানতে চান। কোনো কথার উত্তরের অপেক্ষা না করেই সমাজসেবা কর্মকর্তার ওপর চড়াও হয়ে তাঁর হাত থেকে মাইক্রোফোনের স্ট্যান্ড নিয়ে সেটা দিয়েই মারধর শুরু করেন। মুহূর্তেই তিনি একই কায়দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলমের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।অভিযোগের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, ‘আমি তাঁদের কয়েক দফা আমার সঙ্গে দেখা করতে বলেছি। তাঁরা আমার কথা শোনেননি। তাই আমি তাঁদের লাঞ্ছিত করেছি। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না।’সন্ধ্যায় জেলা প্রশাসনের কর্মকর্তারা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার সব ইউএনও, জেলা সমাজসেবা কর্মকর্তা ও সোনাগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সোনাগাজীসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা বিষয়টি মীমাংসার জন্য জেলা প্রশাসনের কার্যালয়ে বৈঠকে বসেন।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে আলাপকালে তাঁর ওপর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলমের ওপর শারীরিকভাবে হামলার সত্যতা নিশ্চিত করেন। এ সময় তাঁর পাশে জেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হোসনে আরা চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে লাঞ্ছিতের ঘটনায় গতকাল রাতে সোনাগাজী থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম মামলা করেছেন।জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খন্দকার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি জনসম্মুখে এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।