উপজেলা চেয়ারম্যানের হাতে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত!
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নরেন্দ্রনাথ মৈত্রকে গালাগাল ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষা কর্মকর্তা নরেন্দ্রনাথ মৈত্র জানান, গাংনী পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের বর্তমান কমিটির মেয়াদ আগামী ১৮ এপ্রিল শেষ হবে। বিধি অনুযায়ী, ৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে। তাই নির্বাচন পরিচালনার জন্য তাঁকে (নরেন্দ্র) প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পাশাপাশি তফসিল ঘোষণা করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নির্দেশনা দেওয়া হয়। সোমবার ছিল নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ওই দিন নতুন কমিটির বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। গতকাল উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল আলম। তিনি পছন্দের ব্যক্তিদের নামে মনোনয়নপত্র গ্রহণ করে তাঁদের কমিটিভুক্ত করার জন্য শিক্ষা কর্মকর্তাকে চাপ দেন। শিক্ষা কর্মকর্তা এ প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁকে লাঞ্ছিত করেন শফিকুল আলম।তবে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে শফিকুল আলম বলেন, ‘শিক্ষা কর্মকর্তা আগের কমিটির সদস্যদের কাছ থেকে ঘুষ নিয়ে গোপনে তফসিল ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আমি ওই কর্মকর্তাকে মারতে উদ্যত হয়েছিলাম।’গাংনী পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল গনি বলেন, নির্বাচনের সব কার্যক্রম ছিল প্রকাশ্যে। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের সব শ্রেণীকক্ষে তফসিল টানানো হয় এবং বিষয়টি প্রায় এক হাজার ৯০০ ভোটার-অভিভাবককে জানানো হয়। যেহেতু আগের কমিটির সদস্যরা ছাড়া আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিননি তাই ওই সদস্যরাই নতুন কমিটিতে বহাল রয়েছেন।ইউএনও মনোয়ার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তেছের আলী বলেন, একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা ঠিক হয়নি। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।