রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়ার দাবিতে স্থানীয় আলেকজান্ডার বাজারে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা।উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনি বলেন, ২০১০ সালের ১৬ এপ্রিল জেলা ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মো. মাহে আলমকে উপজেলা ছাত্রলীগের সভাপতি, মো. জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক ও তাঁকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে তিন মাসের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এর দুই বছর পর গঠনতন্ত্র লঙ্ঘন করে গত ২৬ ফেব্রুয়ারি সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির অনুমোদন নেন। তিনি দাবি করেন, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটির ২৫ জনই অছাত্র, চাকরীজীবী, ব্যবসায়ী, বেশি বয়সী ও বিবাহিত। এই কমিটি ভেঙে সক্রিয় কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি করে তিনি বলেন, বর্তমান কমিটি দিয়ে সংগঠনের কার্যক্রম চলছে না। কোনো সম্মেলন কিংবা বর্ধিত সভা আয়োজন ছাড়াই এ কমিটি গঠন করা হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করে মো. মাহে আলম বলেন, কমিটি গঠনে গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়নি। জেলা কমিটির অনুমোদন পাওয়ার পর এটিই এখন বৈধ কমিটি।সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, ইউনিয়ন ও বিভিন্ন শাখা কমিটির প্রস্তাবিত তালিকা থেকে কমিটি গঠন করা হয়েছে। যেসব অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়। ব্যক্তিগত ক্ষোভের কারণে সাইফ উদ্দিন এসব অভিযোগ করছেন।লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী বলেন, গঠনতন্ত্র অনুসরণ করেই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ নিয়ে কারও আপত্তি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।