উপজেলা জনপ্রতিনিধিদের মানববন্ধন করতে দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। জনপ্রতিনিধিরা তাঁদের ১০ দফা দাবি আদায়ে গতকাল মঙ্গলবার সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ঐক্যপরিষদ আহূত এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য গতকাল বেলা আড়াইটার দিকে এক শর মতো জনপ্রতিনিধি ব্যানার হাতে মানিক মিয়া এভিনিউয়ে উপস্থিত হন। তাঁরা ব্যানার মেলে ধরে সার বেঁধে দাঁড়ানোর কয়েক মিনিটের মাথায় পুলিশ এসে বাধা দেয়। এ সময় পুলিশের উপপরিদর্শক নিজাম ব্যানার কেড়ে নিয়ে যান। তিনি বলেন, স্পিকারের অনুমতি ছাড়া সংসদ ভবনের সামনে কোনো ধরনের জমায়েত করা যাবে না। এ সময় উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মজিদ বলেন, ‘আমাদের দাবি সম্পর্কে সংসদকে জানানোর জন্যই আমরা মানিক মিয়া এভিনিউয়ে মানব বন্ধন কর্মসূচি দিয়েছি। কিন্তু পুলিশের বাধার কারণে তা পালন করতে পারিনি।’ উপজেলায় সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিদ্যমান ক্ষমতাকে বেআইনি আখ্যা দিয়ে উপজেলার জনপ্রতিনিধিরা আন্দোলন করছেন।