
গাইবান্ধায় সাংসদ মনজুরুল ইসলাম হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফুল ইসলাম মণ্ডলকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ইতিমধ্যে গত নয় দিনে সাংসদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না হওয়ায় গতকালও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলায় প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সুন্দরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, জামায়াত নেতা ও চেংমারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেংমারি গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। পরে বিচারক মো. ময়নুল হাসান ইউসুফ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, সাংসদ হত্যার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলায় গতকাল বিকেল পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলার আসামি আরও ৪০ জনকে আটক করে সাংসদ হত্যার ঘটনায় তাঁরা জড়িত কি না, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকালও বামনডাঙ্গা বাজার এলাকায় লিটন (সাংসদের ডাকনাম) মঞ্চের ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিকেলে সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের নয় দিন অতিবাহিত হচ্ছে। কিন্তু পুলিশ খুনিদের খুঁজে বের করতে পারছে না। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া সন্ধ্যায় বামনডাঙ্গা বহুমুখী জনকল্যাণ সংঘ কার্যালয়ে মিলাদ ও আলোচনা সভা হয়।
সাংসদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তদন্তে অগ্রগতি হচ্ছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে মনজুরুল ইসলাম নিহত হন।