উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় গত রোববার রাতে একটি বাস পুড়িয়ে দেওয়ার মামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নান্নার গ্রামে বাসস ক্যাডেট একাডেমি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জহিরুল ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। একই সঙ্গে তিনি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কোষাধ্যক্ষ।
গ্রেপ্তারের দুদিন আগে গত শনিবার জহিরুল ধামরাইয়ে আওয়ামী লীগের সাংসদ বেনজীর আহাম্মেদসহ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত সভায় উপস্থাপনা করেছিলেন। ওই দিনের অনুষ্ঠানের সূচনা হয় উপজেলা কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর হয় আলোচনা সভা ও শোভাযাত্রা। প্রতিটি কর্মসূচিতে অগ্রভাগে ছিলেন জহিরুল।
ধামরাই থানার ওসি আবদুর রশীদ জানান, রোববার রাতে কালামপুর এলাকায় ঢাকা থেকে সাটুরিয়াগামী জনসেবা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় জামায়াত নেতা জহিরুলকে প্রধান আসামি করে মামলা করেন ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন।
গাড়ি পোড়ানোর অভিযোগ অস্বীকার করে গতকাল ধামরাই থানা হাজতে জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুদিন আগেও আমি সন্ত্রাসী ছিলাম না। সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছি। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে আমাকে গ্রেপ্তার করা হয়েছে।’