উপজেলা থেকে ইউনিয়ন কমিটিতে!
দলীয় সাংসদের আনুগত্য পেতে জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের মো. গোলাম মওলা রাতারাতি পদবদল করেছেন। এত দিন তিনি নিজেকে উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে এলেও সম্প্রতি বিবৃতি দিয়ে দলের অন্য অংশের প্রতি আস্থা জ্ঞাপন করে নিজেকে আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি দাবি করছেন।দলীয় সূত্র জানায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দলীয় দুই নেতার বিরোধে গোটা জয়পুরহাট বিএনপি বিভক্ত। কালাই উপজেলা বিএনপির একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন জয়পুরহাট-১ আসনের সাংসদ মোজাহার আলী প্রধান ও অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা।সাংসদ গোলাম মোস্তফার উপস্থিতিতে গত বছরের ২৬ নভেম্বর উপজেলা বিএনপির সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা দেওয়া হয়। এক দিন পর গোলাম মোস্তফার বিরোধীরা সম্মেলন ডেকে পাল্টা কমিটির ঘোষণা দেন। পাল্টা কমিটিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আবুল খায়ের মো. গোলাম মওলার নাম ঘোষণা দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম মওলা আহম্মেদাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেশ কিছু দিন থেকে গণসংযোগ করছিলেন। ওই ইউনিয়নে সাংসদ গোলাম মোস্তফা-সমর্থিতদের আধিপত্য থাকায় নির্বাচনী কৌশল হিসেবে তিনি সাংসদের প্রতি অনুগত্য ও আস্থা প্রকাশে উদ্যোগী হন।সাংসদ গোলাম মোস্তফা-সমর্থিত উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই গোলাম মওলা সাংসদ ও তাঁর অনুসারীদের সমর্থন কামনা এবং দলীয় প্রার্থী হিসেবে তাঁকে ঘোষণা দিতে সাংসদকে অনুরোধ করেন। এ সময় মওলাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সাংসদের প্রতি আস্থা জ্ঞাপন, নিজের দলীয় অবস্থান ও পরিচয় পরিষ্কার করতে শর্ত দেওয়া হয় বলে একটি সূত্র জানায়। ওই শর্তে গোলাম মওলা গত শুক্রবার স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সাংসদের প্রতি আস্থা প্রকাশসহ নিজেকে আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি পরিচয় দেন। একটি কুচক্রী মহল এত দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নাম বিভিন্ন জায়গায় ব্যবহার করছিল বলেও ওই বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন।জানতে চাইলে উপজেলা বিএনপির (সাংসদ মোস্তফা-সমর্থিত) সাধারণ সম্পাদক মওদুদ আলম জানান, মওলাকে নিয়ে বৈঠক হয়েছে এটা সত্যি। এ ব্যাপারে সংবাদ সম্মেলন ডেকে সংগঠনের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে।গোলাম মওলা বলেন, ‘আমি কখনই সাংসদ গোলাম মোস্তফাবিরোধী ছিলাম না। তবে একটি মহল এত দিন আমার নামে প্রচার চালিয়ে নেতা-কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। বিভ্রান্তি নিরসনে আমি পত্রিকায় বিবৃতি দিয়ে আমার অবস্থান পরিষ্কার করেছি। নির্বাচন ঘনিয়ে এসেছে বলেই দলীয় পদবদল করেছি এমনটা সঠিক নয়।’সাংসদ মোস্তফাবিরোধী অংশের নেতা ও উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন ফকির দাবি করেন, ‘ইচ্ছের বিরুদ্ধে কারও ওপর দলীয় পদ চাপিয়ে দেওয়া হয়েছে এমনটা সঠিক নয়। সম্মেলনে গোলাম মওলার উপস্থিতিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নাম ঘোষণা দেওয়া হয়। সম্মেলনের পরে বেশ কয়েকটি সভায় এবং দলীয় কর্মসূচিতেও তিনি নিয়মিত অংশ নিয়েছেন।’সাংসদ গোলাম মোস্তফা বলেন, ‘মওলা নিজের ভুল বুঝতে পেরে বিএনপির মূল ছায়াতলে ফিরে এসেছেন। এ জন্য তাঁকে জিতিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে বৈঠক করে কালাইয়ের নেতা-কর্মীদের নির্দেশনাও দেওয়া হয়েছে।’