উপজেলা থেকে উপজেলা ঘুরে এক্স-রে করেন তাঁরা!
চট্টগ্রামের লোহাগাড়া থেকে পটিয়ার দূরত্ব কমপক্ষে ৪০ কিলোমিটার। পটিয়া থেকে আনোয়ারার দূরত্ব ২৫ কিলোমিটার। এই তিনটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন পরিচালনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন একজন মাত্র ব্যক্তি। গাজী নাছির উদ্দিন নামের ওই টেকনোলজিস্ট পালা করে তিন উপজেলায় ঘুরে ঘুরে রোগীদের এক্স-রে করেন।
একই ব্যবস্থায় চলছে চন্দনাইশ, দোহাজারী, সাতকানিয়া, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জনবলসংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে পর্যাপ্ত সেবাবঞ্চিত হচ্ছেন রোগীরা। এতে করে জরুরি এক্স-রে করাতে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। বেশির ভাগ উপজেলায় হয়তো এক্স-রে মেশিন বিকল, নয়তো টেকনোলজিস্টের সংকট রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
গাজী নাছির উদ্দিনের মতো তিন হাসপাতালের দায়িত্ব পালন করছেন আরও একজন। গকুল চন্দ্র মণ্ডল নামে ওই ব্যক্তি চন্দনাইশ, দোহাজারী ও সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পালা করে এক্স-রে মেশিন পরিচালন করেন। সপ্তাহে দুই দিন করে প্রতিটি হাসপাতালে সময় দেন তিনি। জরুরি প্রয়োজনে এক্স-রে করাতে হলে রোগীদের বাইরে পাঠাতে হয়।
গাজী নাছির উদ্দিন ২০১১ সাল থেকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রেডিওগ্রাফার হিসেবে কাজ করে আসছেন। গত ৩ মার্চ তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পটিয়া ও আনোয়ারায় এক্স-রে মেশিন পরিচালনের জন্য বলা হয়। সে অনুযায়ী তিনি যোগদানও করেছেন।
গাজী নাছির উদ্দিন বলেন, ‘সপ্তাহে দুই দিন করে প্রতিটি হাসপাতালে যাই। তবে এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে আমার সময় কেটে যায়। কাজের কাজ খুব বেশি হয় না।’
খোঁজ নিয়ে জানা গেছে, প্রসূতি সেবায় ছয় বছর ধরে বিভাগের মধ্যে শীর্ষে থাকা ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই এক্স-রের প্রয়োজন হয়। সম্প্রতি এখানকার রেডিওগ্রাফার শিক্ষাছুটিতে গেলে পদটি শূন্য হয়। তাঁর স্থানে হাটহাজারীর রেডিওগ্রাফার মিঠুন লালাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা (টিএইচএফপি) মো. মহিউদ্দিন।
জানতে চাইলে ফটিকছড়ির টিএইচএফপি দেবাশীষ দত্ত বলেন, ‘আমার এখানে গড়ে প্রতিদিন সাড়ে চার শ রোগী হয়। প্রতিদিনই এক্স-রে প্রয়োজন হয়। কিন্তু এখন মাত্র দুই দিনের জন্য হাটহাজারীর রেডিওগ্রাফার আসেন। এতে চলে না। তবু কিছু করার নেই। কিন্তু মানুষকে বোঝানো যায় না।’
এ ছাড়া বাঁশখালী, বোয়ালখালী ও সন্দ্বীপে এক্স-রে মেশিন নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। সেখানে রেডিওগ্রাফার নেইও। সীতাকুণ্ড, রাউজান, রাঙ্গুনিয়া ও মিরসরাইয়ে রেডিওগ্রাফার রয়েছেন বলে জানা গেছে। তবে মিরসরাই ও পটিয়ার এক্স-রে মেশিন দুটি সম্প্রতি মেরামত করা হলেও সব সময় ঠিকমতো কাজ করে না বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, এক্স-রে টেকনোলজিস্টের সংকটের কারণে রোগীদের হাসপাতালে চিকিৎসাব্যবস্থা ব্যাহত হচ্ছে। নাছির উদ্দিন পটিয়ায় শনি ও রোববার থাকেন। অন্য দিন এক্স-রের জন্য বাইরের প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয় বলে চিকিৎসকেরা জানান।
পটিয়া হাসপাতালে চিকিৎসাধীন খায়ের আহমদ নামের হাইদগাঁও এলাকার এক রোগী জানান, তাঁকে তিনটি এক্স-রে করতে দিয়েছেন চিকিৎসক। প্রতিটি এক্স-রে করাতে হয়েছে হাসপাতালের বাইরে। এ জন্য খরচ হয়েছে ৬০০ টাকা।