উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইলেকশন ওয়ার্কিং গ্রুপ
কিছু অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটলেও প্রথম দফার উপজেলা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মত দিয়েছে পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণের ভিত্তিতে আজ শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে এ মন্তব্য করেছে সংস্থাটি।
সংস্থাটি ভোটকেন্দ্র খোলার সময়কাল, ভোট গ্রহণ কার্যক্রম, ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা, ভোট গণনা ও ভোটকেন্দ্রের বাইরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই প্রতিবেদন তৈরি করেছে বলে দাবি করেছে।
২৯টি সংগঠনের সমন্বয় গঠিত ইলেকশন ওয়ার্কিং গ্রুপ ১৯ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনে ৯৭টির মধ্যে ২৫টি উপজেলার নির্বাচন পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছে। পর্যবেক্ষণ করা ভোটকেন্দ্রগুলোতে ভোট প্রদানের গড় হার ৫৯ দশমিক ১৯ শতাংশ।
ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পর্যবেক্ষণ করা ভোটকেন্দ্রগুলোতে ৫-১০ শতাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলা যায়। তবে ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক ছিল না।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, পর্যবেক্ষণ করা কেন্দ্রগুলোতে ৬৩টি জাল ভোট পড়েছে। ৩৮টি ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা ব্যালট পেপার বা ব্যালট বাক্স ছিনতাই বা সমগ্র ভোটকেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। ৪০টি ঘটনায় ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনী কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করেছে। ১৬টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ ছিল। ভোটকেন্দ্রের ভেতরে ২০টি সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে।